বুধবার , ০৪ ফেব্রুয়ারি ২০২৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:১৬, ২৮ জানুয়ারি ২০২৬

উজাইরের ব্যাটে আফগানদের চ্যালেঞ্জিং সংগ্রহ, ইমনের পাঁচ উইকেট

উজাইরের ব্যাটে আফগানদের চ্যালেঞ্জিং সংগ্রহ, ইমনের পাঁচ উইকেট

বগুড়ায় সিরিজের প্রথম যুব ওয়ানডে ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাটিং করা আফগানিস্তান নির্ধারিত পুরো ওভার ব্যাট করে ২৬৬ রান টার্গেট দিয়েছে বাংলাদেশের যুবাদের।

মঙ্গলবার (২৮ অক্টোবর) শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। উজাইরউল্লাহ নিয়াজাই ১৩৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে আফগানদের এই চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।

বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেছেন ইকবাল হোসেন ইমন। ইনিংসের শেষ বলে জাইতুল্লাহ শাহিনকে আউট করে ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন ইমন।

এদিন খালিদ আহমাদজাই-ওসমান সাদাতের ব্যাটে ভালো শুরু পায় আফগানরা। ওপেনিং জুটিতে আসে ৫৫ রান। ৩৩ বলে ৬ চারে ৩৪ রান করা আহমাদজাইকে আউট করে জুটি ভাঙেন ইমন। পরের ওভারে সাদাতকে ফেরান সবুজ। ২৬ বলে ১৫ রান করেন তিনি।

ফয়সাল শিনোজাদা ও উজাইর তৃতীয় উইকেট জুটিতে ৭৯ রান যোগ করে আফগানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ৪৬ বলে ৩৩ রান করা শিনোজাদাকে আউট করে এই জুটি ভাঙেন আজিজুল হাকিম।

অধিনায়ক মাহবুব খান ১২ রান করে ইমনের দ্বিতীয় শিকার হন। এক ওভার পরে বরকত ইবরাহিমজাইকেও (১) ফেরান এই পেসার।

আফগানদের এরপর বলতে গেলে একাই টেনেছেন উজাইর। অন্যদিকে আসা-যাওয়ার মিছিলে ছিলেন বাকিরা। তাদের মধ্যে আজিজুল্লাহ মিয়াখিল (১৪) শুধু  দুই অঙ্কের রানের দেখা পান।

সেঞ্চুরি হাঁকিয়েই থামেননি উজাইর। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে১৩৭ বলে ১৪০ রান করেন তিনি। তার ইনিংসে ১৬টি চারের পাশাপাশি ছিল একটি ছক্কাও।

ইমন ১০ ওভারে ৫৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। রিজান হোসেন নিয়েছেন ২টি উইকেট। এছাড়া সবুজ ও আজিজুল ১টি করে উইকেট নেন।
 

সর্বশেষ