ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি
ক্রিকেট ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়—টেস্ট টোয়েন্টি ফরম্যাটের আত্মপ্রকাশের মাধ্যমে। এটি এমন একটি অভিনব ক্রিকেট ফরম্যাট, যেখানে প্রতিটি ম্যাচে থাকবে দুই ইনিংস এবং প্রতিটি ইনিংস হবে ২০ ওভারের। ফরম্যাটটি টেস্ট ক্রিকেটের কৌশল ও গভীরতা বজায় রেখে, সংক্ষিপ্ত সময়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
ওয়ান-ওয়ান সিক্স নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানি এই নতুন ‘চতুর্থ ফরম্যাটটি’ উদ্ভাবন করেছেন। তার লক্ষ্য—আগামী প্রজন্মের ক্রিকেট প্রতিভাবানদের আবিষ্কার ও উদযাপন করা।
গৌরব বাহিরভানি বলেন, এটি কেবল একটি নতুন লিগ নয়, বরং ক্রিকেটের ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যৎ গড়ার একটি প্রচেষ্টা। আমরা চাই এই ফরম্যাটের মাধ্যমে আগামী প্রজন্মের ক্রিকেটারদের প্রতিভা সঠিকভাবে উদঘাটন ও উদযাপন করা হোক।
প্রথম মৌসুম শুরু হবে জানুয়ারি ২০২৬-এ। এতে অংশ নেবে ছয়টি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিটি দলে থাকবে আটজন স্থানীয় ও আটজন আন্তর্জাতিক খেলোয়াড়, যাতে বিশ্বব্যাপী প্রতিভার সমন্বয় নিশ্চিত হয়। টুর্নামেন্টের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিটি দল দুটি ইনিংস খেলে খেলার ফলাফল স্পষ্টভাবে নির্ধারণ করা যায় এবং কৌশলগত দিকটিও অক্ষুণ্ণ থাকে।
টেস্ট টোয়েন্টি কেবল পেশাদার খেলোয়াড়দের জন্য নয়, বরং ১৩–১৯ বছর বয়সী উদীয়মান ক্রিকেটারদের জন্যও একটি আন্তর্জাতিক প্রতিভা বিকাশের মঞ্চ হবে। জুনিয়র টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ-এর মাধ্যমে তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে। তাদের পারফরম্যান্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে।
এই ফরম্যাটের পরামর্শক বোর্ডে আছেন ক্রিকেটের কিংবদন্তিরা—এবি ডি ভিলিয়ার্স, স্যার ক্লাইভ লয়েড, ম্যাথিউ হ্যাডেন ও হারভজন সিং।
এবি ডি ভিলিয়ার্স বলেন, এটি খেলোয়াড় এবং দর্শকের জন্য নতুন স্বপ্নের সূচনা।
স্যার ক্লাইভ লয়েড যোগ করেন, এটি খেলার শিল্প ও ছন্দকে পুনরুজ্জীবিত করেছে।
ম্যাথিউ হ্যাডেন মন্তব্য করেন, এটি প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছে।
হারভজন সিং বলেন, ক্রিকেটের নতুন হৃদস্পন্দন প্রয়োজন ছিল—টেস্ট টোয়েন্টি ঠিক সেটিই এনে দিয়েছে।
১৩–১৯ বছর বয়সী খেলোয়াড়দের জন্য নিবন্ধন শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে। আগ্রহীরা তাদের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবেন।






















