স্থগিত আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ নিয়ে এএফসিকে চিঠি পাঠাল বাফুফে
ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচ। ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে আয়োজনে সব প্রস্তুতিও প্রায় শেষ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে শেষ মুহূর্তে ম্যাচটি স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
মিয়ানমারের অনুরোধে নেওয়া এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বাফুফে। সোমবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, “এএফসি থেকে আমরা একটি চিঠি পেয়েছি, যেখানে ‘অপ্রতুল সময়’-এর কারণ দেখিয়ে ম্যাচটি স্থগিতের কথা বলা হয়েছে।”
বাফুফে এই ব্যাখ্যা মেনে নেয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই কারণ গ্রহণযোগ্য নয়। তাই বাফুফে আনুষ্ঠানিকভাবে এএফসি এবং মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে আপত্তিপত্র পাঠিয়েছে।”
যদিও এএফসির ওয়েবসাইটে এখনো ১৮ নভেম্বরের সূচি অপরিবর্তিত রয়েছে, বাফুফের তথ্য অনুযায়ী, ম্যাচটি মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। সম্ভাব্য নতুন তারিখ হতে পারে আগামী ২৬ মার্চ। সেই কারণে বাফুফে চায়, যদি ম্যাচটি মার্চে আয়োজিত হয়, তবে সেটি যেন আবারও বাংলাদেশেই অনুষ্ঠিত হয়।
এই ম্যাচটি বিশেষ গুরুত্ব পেয়েছিল, কারণ এটিই হতে যাচ্ছিল বাংলাদেশে প্রথমবারের মতো এএফসি টুর্নামেন্টের নিরপেক্ষ ম্যাচ আয়োজন। আফগানিস্তান ও মিয়ানমারের এই দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহও ছিল চোখে পড়ার মতো। ম্যাচটি স্থগিত হলেও বাফুফে এখনো এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিষয়টি ক্রীড়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
এএফসি নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণও পুরো বিষয়টি নজরদারিতে রেখেছেন। বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে অনুমোদন দেওয়ার পর হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে তার অবস্থান কী হয়, এখন সেটিই দেখার বিষয়।






















